
নিউজ ডেস্কঃ সোনা চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কারবারের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন আলোচিত ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। তার স্ত্রী, ছেলে ও নিজের নামে সরকারি ২০টিসহ ৩০টি প্লট, ১৫টি ভবন, একটি আবাসন প্রতিষ্ঠান এবং দুটি গাড়ির শোরুম রয়েছে। ব্যাংকে তাঁর নামে আছে ৭৯১ কোটি টাকা। এমন অবৈধ সম্পদের তথ্য পেয়ে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এতে সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রিয়াজ উদ্দিন (৬৩), রিয়াজের ভাই হায়দার আলী (৫৬), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে শফিক ওরফে সোনা শফিকে (৫২) আসামি করা হয়েছে। তারা সবাই মনিরের ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ডের সহযোগী। অপর আসামিরা হলেন- গোল্ডেন মনিরের সহযোগী আবদুল হামিদ, মনিরের স্ত্রী রওশন আক্তার, ছেলে রাফি হোসেন, বোন নাসিমা আক্তার, নাসিমার স্বামী হাসান আলী খান, মনিরের আরেক ভগ্নিপতি নাহিদ হোসেন।