
নিউজ ডেস্কঃ হেফাজত ইসলামের তাণ্ডব রুখতে না পারায় ক্ষমা চেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি ক্ষমা চান। দরিদ্র ও অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা।
তিনি বলেন, 'যাদের কাছে শিষ্টাচার আশা করেছিলাম, যারা আমাদের সভ্য হয়ে ওঠার শিক্ষা দেবেন, তাদের লোক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও পুলিশের সাঁজোয়া যান ভাঙচুর করেছে। আগুন দাউ দাউ করে জ্বলা সত্ত্বেও ফায়ার সার্ভিস নির্বিকার ছিল। এসব দেখেও যখন কিছু করতে পারি না, তখন আপনাদের প্রতিনিধি হিসেবে আমি লজ্জাবোধ করি। আমার মাথা নিচু হয়ে আসে। আপনারা আমাকে ক্ষমা করবেন।'