
নিউজ ডেস্কঃ ২০২০-২১ অর্থবছরে দেশের সামুদ্রিক জলসীমায় ৬৫ দিন (২০ মে থেকে ২৩ জুলাই ২০২১) মৎস্য আহরণ নিষিদ্ধকালে জেলেদের জন্য ১৬ হাজার ৭২১ দশমিক ৩২ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করা হয়েছে। সরকারের মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় দেশের উপকূলীয় ১৪টি জেলার ৬৬টি উপজেলায় ২ লাখ ৯৮ হাজার ৫৯৫টি জেলে পরিবারকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মাধ্যমে প্রতিটি জেলে পরিবার প্রথম ধাপে (২০ মে থেকে ৩০ জুন ২০২১) মাসিক ৪০ কেজি হারে ৪২ দিনের জন্য মোট ৫৬ কেজি চাল পাবে। বুধবার (১২ মে) সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের অনুকূলে এ সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতোর হোসেন এ তথ্য জানান। ভিজিএফ চাল ১০ জুনের মধ্যে যথানিয়মে উত্তোলন ও নিষিদ্ধকালে সমুদ্রে মাছ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণ সম্পন্ন করার জন্য মঞ্জুরি আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে। কার্ডধারী জেলে ছাড়া অন্য কাউকে এ ভিজিএফ দেওয়া যাবে না মর্মেও মঞ্জুরি আদেশে নির্দেশনা দেওয়া হয়েছে।