
নিউজ ডেস্কঃ ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের সরকারি বিধি-নিষেধ প্রত্যাহার শেষে রাজধানীতে ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শুক্রবার (১৪ মে) সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ অনুরোধ জানান।
তাপস বলেন, 'নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মার কাছে, পরিবারের কাছে ঈদ করতে গেছেন, যেহেতু বিধি-নিষেধ রয়েছে, সেহেতু সেটি প্রত্যাহার হওয়ার পরেই আপনাদের ঢাকায় ফেরার অনুরোধ করছি'। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। আমরা করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।