
নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ার নিরিবিলি এলাকায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ মে) দুপুর ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিরিবিলি এলাকায় মানিকগঞ্জগামী বৈশাখী পরিবহনের একটি বাস, ঢাকাগামী একটি ট্রাক ও একটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসের যাত্রী ও মোটরসাইকেল আরোহীসহ প্রায় ১০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে আশুলিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সাভার হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) সাজ্জাদ করিম জানান, দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।