News71.com
 Bangladesh
 17 May 21, 10:52 PM
 227           
 0
 17 May 21, 10:52 PM

আল জাজিরার ডকুমেন্টারি আইসিসি'র তদন্তে মিথ্যা প্রমাণিত।।

আল জাজিরার ডকুমেন্টারি আইসিসি'র তদন্তে মিথ্যা প্রমাণিত।।

নিউজ ডেস্কঃ মধ্যপ্রাচ্যের টিভি চ্যানেল আল জাজিরার একটি ডকুমেন্টারি তিন বছর আগে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। সেই ডকুমেন্টারিতে দাবি করা হয়, বিশেষ কিছু ম্যাচে ফিক্সিং করা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে তদন্তে নামে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতদিন পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা করেছে যে,  আল জাজিরার ডকুমেন্টারিতে ফিক্সিংয়ের যে দাবিগুলো করা হয়েছিল, বাস্তবে তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

 

২০১৮ সালের ২৭ মে 'ক্রিকেট'স ম্যাচ ফিক্সারস' নামে ওই ডকুমেন্টারি প্রচার করে আল জাজিরা। এরপরই তদন্ত শুরু করে আইসিসি। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, তারা কোনো প্রমাণ পায়নি বিধায় তদন্ত কাজ সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আইসিসির তদন্ত চলেছে মূলতঃ তিনটি বিষয় ঘিরে- ওই ডকুমেন্টারিতে তুলে ধরা অভিযোগ, সন্দেহভাজন ব্যক্তিবর্গ এবং যেভাবে ওই ডকুমেন্টারির জন্য প্রমাণ সংগ্রহ করা হয়েছিল। তদন্ত কমিটির চার সদস্য একমত হয়েছেন যে, ডকুমেন্টারিতে খেলার যে অংশগুলোতে ফিক্সিং করা হয়েছিল বলে দাবি করা হয়েছিল তা অযৌক্তিক। আপাতত তদন্ত শেষ হলেও বাস্তব ও পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেলে আবার তদন্ত করা হবে বলেও আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে।

 

আইসিসির 'ইন্টেগ্রিটি বিষয়ক মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল বলেন, 'ক্রিকেটে দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদনকে আমরা স্বাগত জানাই, কারণ খেলায় এসবের কোনো স্থান নেই। তবে কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হলে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ থাকতে হবে। ডকুমেন্টারিতে যে দাবিগুলো করা হয়েছে, আমাদের তদন্তে সবগুলোর মৌলিক ভিত্তি দুর্বল বলে দেখা গেছে। যা অভিযোগগুলোর বিশ্বাসযোগ্যতায় ঘাটতি তৈরি করেছে। আমাদের চার জন স্বাধীন বিশেষজ্ঞও এমনটিই মনে করেন।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন