
নিউজ ডেস্কঃ আম উৎপাদক ও ভোক্তাদের সুবিধার্থে রাজশাহী থেকে ২৫মে চালু হতে যাচ্ছে ‘ম্যাংগো স্পেশাল’ ট্রেন। তবে শুধু আমই নয়, এবার আমের সঙ্গে শাকসবজিসহ অন্যান্য ফলমূলও যাবে ট্রেনে। আজ সোমবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনের সম্মেলন কেন্দ্রে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ বিষয়ক এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, “গতবারের মতো এবারো রাজশাহী অঞ্চল থেকে ঢাকায় খুব অল্প সময়ে আম পৌঁছে দেয়ার জন্য চলতি মাসের ২৫ মের দিকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ চালু হতে যাচ্ছে। এজন্য পাঁচটি ওয়াগনে যাবে রাজশাহী অঞ্চলের আম। প্রতি বগির ক্যারিং ক্যাপাসিটি ৪৩ মেট্রিক টন হলেও আম বহন করা হবে ৩০ মেট্রিক টন।” ‘গতবারের মতো এবারো প্রতি কেজি আমের পরিবহন মূল্য ১টা ১৭ পয়সা ধরা হয়েছে। ক্যারেট প্রতি লেবার খরচ ধরা হয়েছে ১০ টাকা। এটি নির্ধারিত। কোনো শ্রমিক বেশি নিলে বা কেউ অভিযোগ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এবার রেলওয়ের প্রত্যেকটি লেবারকে নির্ধারিত লাল রঙয়ের পোশাকও দেয়া হয়েছে।’