
নিউজ ডেস্কঃ 'আপন কর্মমহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শেখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি।' শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার (১৭ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনাসভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে করোনাসংকট মোকাবেলা করে বাংলাদেশ আজ কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে। '৭৫-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে সৎ, সাহসী ও মানবিক নেতা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর বাংলাদেশ আজ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের বিস্ময়।' তিনি বলেন, 'আপন কর্মমহিমায় শেখ হাসিনা হয়ে উঠেছেন বাংলাদেশের নতুন ইতিহাসের নির্মাতা, হিমাদ্রি শেখর সফলতার মূর্ত-স্মারক, উন্নয়নের কাণ্ডারি।' 'আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হিসেবে শেখ হাসিনা গত চার দশক ধরে দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে আসছেন' উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'শেখ হাসিনা দীর্ঘ পথ অতিক্রম করে ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে বারবার জীবনের জয়গান গেয়েছেন।' তিনি বলেন, 'বঙ্গবন্ধুর রাজনীতি আর উন্নয়নের রোল মডেল হিসেবে শেখ হাসিনার নাম চিরভাস্বর হয়ে থাকবে। তার মতো দূরদর্শী নেতৃত্ব আছে বলেই বাংলাদেশ আজ সঠিক পথে এগিয়ে চলছে।'