
নিউজ ডেস্কঃ চলছে মৌসুমের ষষ্ঠ তাপপ্রবাহ, যার মাত্রা বাড়ছে ক্রমান্বয়ে। সাগরও গরম হয়ে ওঠায় দেখা দিয়েছে লঘুচাপ সৃষ্টির আশঙ্কা। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (১৭ মে) তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যশোরে। ক্রমান্বয়ে তাপমাত্রা আরো বাড়ার আভাস রয়েছে। বঙ্গোপসাগরের পৃষ্ঠদেশ উত্তপ্ত হয়ে উঠছে বেশ। ফলে চলতি সপ্তাহের শেষের দিকে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে। লঘুচাপ আরো ঘণীভূত হয়ে প্রথমে নিম্নচাপ, আরো শক্তি সঞ্চয় করলে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
আবহাওয়া অধিদফতর এবারও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু’টি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে বেশির ভাগ লঘুচাপই ঘূর্ণিঝড় তো দূরের কথা নিম্নচাপেও পরিণত হয় না। আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, আগামী পাঁচদিনের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।