
নিউজ ডেস্কঃ ঈদ শেষে রাস্তায় নানামুখী ভোগান্তি নিয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মজীবী হাজার হাজার মানুষ। গণপরিবহন বন্ধ থাকায় ছোট যানবাহনে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে তাদের। যাত্রাপথে ভেঙে ভেঙে ঘাটে গিয়ে ফেরিতেও উঠতে হচ্ছে গাদাগাদি করে।
ফলে চাইলেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানতে পানতে পারছেন না অনেকে। বিলকিস আক্তার নামে এক নারী এসেছেন বরিশাল থেকে। লঞ্চ বন্ধ থাকায় ভোগান্তির কথা জানালেন পাটুরিয়া ৪নং ঘাটে। সরকারের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিলকিস বলেন, আমার এক বছর বয়সী সন্তান নিয়ে যে দুর্ভোগ পোহাচ্ছি, তা অবর্ণনীয়। সবই তো চলছে। এসবের কোনো মানে হয় না।