
নিউজ ডেস্কঃ ‘আজকে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ম্লান হচ্ছে। এই দেশটি সাংবাদিকদের নিপীড়ন করা একটি দেশ। যারা সাংবাদিকদের অধিকার ক্ষুণ্ণ করে এমন একটি দেশ বাংলাদেশ। আসলে আমরা এমন একটি দেশ চাই না। সাংবাদিকদের স্বাধীনতা শুধু সাংবাদিকদের জন্য নয়, সাংবাদিকদের স্বাধীনতা সরকার, দেশ ও মানুষের জন্য খুবই দরকার’। সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতন করে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে এমনটাই বললেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও নির্যাতনকারীদের বিচার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে দৈনিক প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করে প্রথম আলোসহ সাংবাদিক সমাজ।
প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, রোজিনা ইসলাম একজন অনুসন্ধানী সাংবাদিক। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হেনস্তা ও নির্যাতনের শিকার হয়েছেন। আমরা আইনগতভাবে তার জামিনের আবেদন করেছি। আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি, এর মাধ্যমে আমরা রোজিনা ইসলামের নামে করা মামলা প্রত্যাহারের দাবি করছি। তাকে যেন নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয়। সচিবালয় যারা রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতন করেছেন তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়।