
নিউজ ডেস্কঃ প্রতিবছর দেশে ঢুকছে শত শত কোটি টাকার ভেজাল বিটুমিন। দেশের সড়ক-মহাসড়ক নির্মাণ ও সংস্কারে ব্যবহার করা হচ্ছে এসব আমদানি করা নিন্মমানের বিটুমিন। আর এই ভেজাল বিটুমিন ব্যবহারের কারণে প্রতিবছর বিপুল অঙ্কের অর্থ গচ্চা যাচ্ছে। নিন্মমানের বিটুমিনে শুধু সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে না, দেশের পরিবহন মালিকরাও ক্ষতির শিকার হচ্ছেন শত শত কোটি টাকার। বছর ঘুরতে না ঘুরতেই নতুন গাড়ি হয়ে যায় লক্কড়ঝক্কড়। রাস্তার কারণে নষ্ট হওয়া গাড়ি মেরামত বাবদ বছরে মালিকদের গুনতে হয় প্রায় দুই হাজার কোটি টাকার বেশি।
অনুসন্ধানে জানা গেছে, শুধু নিন্মমানের বিটুমিন ব্যবহারের কারণে বছরে গড়ে অপচয় হচ্ছে প্রায় ৩০ হাজার কোটি টাকা। এভাবে ১০ বছরে সরকার প্রায় তিন লাখ কোটি টাকার ক্ষতির শিকার হয়েছে বলে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। আমদানি করা বিটুমিনের গুণগত মান নিয়ে বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও উন্নত বিশ্বের রাস্তায় যে বিটুমিন ব্যবহার করা হয় তার মধ্যে গুণগত মানের পার্থক্য রয়েছে। অবশ্য উন্নয়নশীল দেশগুলোতে এমনই হয়। এমনিতেই বৃষ্টির সঙ্গে বিটুমিনের একটা সাংঘর্ষিক অবস্থা আছে। তার ওপর যদি নিম্নমানের বিটুমিন ব্যবহার করা হয় তাহলে তো সড়ক টিকবেই না।
সড়ক-মহাসড়কের দুরবস্থার কথা তুলে ধরে জাহিদ হোসেন আরো বলেন, ‘উন্নয়নের চালকের আসনে বাংলাদেশ। আমাদের দেশের শহর-গ্রামে অনেক সড়ক নির্মাণ হচ্ছে। কিন্তু চলাচলে যোগ্য সড়ক চোখে পড়ে না। একদিন সকালে দেখা গেল কার্পেটিং করা চকচকে সড়ক। চার-পাঁচ দিন পর একই সড়কে গেলে আর চেনা যায় না। রাস্তার কার্পেটিংই খুঁজে পাওয়া যায় না। এর কারণ নিম্নমানের বিটুমিন।