
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বেরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী নূর ইসলাম খানের বিরুদ্ধে সরকারি বই ও বিদ্যালয়ে সরবরাহকৃত বিস্কুটের খালি বাক্স গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে আজ বুধবার দুপুরে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক আলী নূর ইসলাম খান দাবি করেছেন, বইগুলো ইঁদুরে কেটে ফেলেছে। এলোমেলোভাবে পড়ে ছিল কক্ষে। তাই উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলকে অবহিত করে তিনি বই ও বিস্কুটের বাক্সগুলো উপজেলায় পাঠাচ্ছিলেন। প্রধান শিক্ষকের এমন দাবি নাকচ করে দিয়েছেন আহসান উল্লাহ মুকুল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস দুজনই। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, প্রধান শিক্ষক প্রায় ৬০০ কেজি বই ও বিস্কুটের বাক্স বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে আমরা ম্যানেজিং কমিটির কেউ কিছুই জানি না।