
নিউজ ডেস্কঃ এক যুগের বেশি সময় ধরে অভিজ্ঞতা অর্জন এবং নিজস্ব ব্যবস্থাপনা সমৃদ্ধ করার পর নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম এবং এসংক্রান্ত সেবার দায়িত্ব হারাতে বসেছে। প্রায় এক বছর আগে যে গুঞ্জন শোনা গিয়েছিল, সেটিই সত্য হতে চলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে যাচ্ছে এনআইডি নিবন্ধন কার্যক্রম। এ মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে এনআইডি কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৭ মে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে (ইসি) পাঠানো হয়েছে।
সরকারের এই সিদ্ধান্তে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। গতকাল বুধবার বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তাদের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা জানিয়ে এনআইডির দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে রাখতেই পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছে। একই সঙ্গে অন্য প্রতিষ্ঠানের কাছে এনআইডির সেবার কাজ হস্তান্তর করা হলে ব্যাপক অর্থ ব্যয়ের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠিতে ‘অ্যালোকেশন অব ডিফারেন্ট মিনিস্টারস অ্যান্ড ডিভিশনস’-এ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের দায়িত্বগুলোর মধ্যে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম অন্তর্ভুক্ত এবং জাতীয় পরিচয়পত্র আইন ২০১০ সংশোধন করে ‘নির্বাচন কমিশন’-এর পরিবর্তে ‘সরকার’ শব্দ অন্তর্ভুক্ত করাসহ আইনের প্রয়োজনীয় সংশোধনীর কথা বলা হয়।