
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় দিনেদুপুরে প্রকাশ্যে গুলি বর্ষণের মামলার প্রধান আসামি সাকের আলীকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে তার সাথে থাকা চাচাতো ভাই মামুনকেও আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ মে) দুপুর ১টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চুয়াডাঙ্গা পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম।
সম্মেলনে এসপি জাহিদুল ইসলাম বলেন, গত ২৭ মে চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্যে গুলি করে সাচ্চু নামে এক ট্রাক চালকে জখম করে বাকের ও সাকেরসহ কয়েকজন। ঘটনার পরই পুলিশের অভিযানে অভিযুক্তদের একজন বাকেরকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে একটি অস্ত্রও জব্দ করা হয়। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যাচষ্টো মামলা দায়ের করা হয়, এরপর থেকেই পলাতক ছিলেন মামলার অন্যতম আসামি সাকের আলী। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জেলা শহরের জাফরপুর এলাকা থেকে সাকেরকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়। একইসঙ্গে তার চাচাতো ভাই মামুনকেও আটক করা হয়েছে।