
নিউজ ডেস্কঃ চলমান ফিলিস্তিনি সঙ্কটের স্থায়ী সমাধানে জরুরি ও নিষ্পত্তিমূলক সিদ্ধান্ত গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২১ মে) মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও ফিলিস্তিনি প্রশ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির ডাকা এক যৌথ আলোচনায় বক্তব্যে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী মিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।
শিশু ও নারীসহ নিরপরাধ ফিলিস্তিনি অসামরিক নাগরিকদের উপর দখলদার ইসরায়েলের বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি দিয়েছেন বলে সাধারণ পরিষদকে অবহিত করেন রাষ্ট্রদূত ফাতিমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখিত চিঠি উদ্বৃত করে তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষার প্রতি বাংলাদেশের অবিসংবাদিত প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান এবং ধারাবাহিকভাবে এই অবিবেচনাপ্রসূত সহিংসতার প্রতি ধিক্কার জানান।