
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লঘুচাপটি আজ (২২ মে) শনিবারই সৃষ্টি হতে পারে। পরে যা সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ, এরপর ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে 'যশ'। সম্ভাব্য এই ঘূর্ণিঝড় আগামী বুধবার (২৬ মে) বাংলাদেশের খুলনা উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, 'এই মাসে আবহাওয়ার যে অবস্থা, তাতে এ ধরনের লঘুচাপ তৈরি হতে পারে। আমাদের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও আমরা এই মাসে ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছিলাম। তবে লঘুচাপ পরিণত হওয়ার পর গতিবেগসহ নানা ব্যাপারে বিস্তারিত বলা যাবে।'
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মধ্যম মানের এ ঘূর্ণিঝড়টি প্রবেশের সময় বাতাসের গতিবেগ সর্বোচ্চ হতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৫০ কিলোমিটার। গতিবেগ খুব বেশি না হলেও ভরা পূর্ণিমার কারণে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসসহ বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। গত বছরেও মে মাসে দেশে ঘূর্ণিঝড় 'আম্ফান' আঘাত হেনেছিল। তখন উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।