News71.com
 Bangladesh
 22 May 21, 09:34 PM
 440           
 0
 22 May 21, 09:34 PM

ঘূর্ণিঝড় ‘যশ’ শক্তিশালী ‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে।। ত্রাণ প্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘যশ’ শক্তিশালী ‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে।। ত্রাণ প্রতিমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘যশ’ শক্তিশালী ‘সুপার সাইক্লোনে’ পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পুরো উপকূলকে সতর্ক করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, গতকালই আমরা পরিপূর্ণ সংবাদ পেয়েছি। এটা এখন লঘুচাপ অবস্থায় আছে। এটা আগামীকালের মধ্যে সুস্পষ্ট লঘুচাপ হবে, এরপর ২৩ থেকে ২৪ মের মধ্যে নিম্নচাপ হবে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হবে। ২৬ মে ভূমিতে আঘাত করার আশঙ্কা আছে। ভূমিতে আছড়ে পড়ার সময় এর গতিবেগ হবে ১২০ থেকে ১৯০ কিলোমিটার। এটা বর্তমানে বঙ্গোপসাগরের আন্দামান নিকোবর দীপপুঞ্জের কাছাকাছি আছে।

 

তিনি আরো বলেন, এখন পর্যন্ত এর ডিরেকশন ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে। এটি যে অবস্থায় আছে, সেখান থেকে যদি সোজাসুজি আসে তবে আমাদের খুলনা বিভাগ আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। ইতোমধ্যে সিপিপি ভলান্টিয়ারদের জানিয়ে দেয়া হয়েছে। প্রচার কাজ শুরু হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, যেহেতু এটি এখন পর্যন্ত লঘুচাপ হয়ে আছে, এখনই আতঙ্ক কিংবা শঙ্কার কিছু নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন