
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় উপকূলীয় জেলা পটুয়াখালীতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে জেলা প্রশাসন, সরকারি দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা। জেলায় এ পর্যন্ত ৭০২টি আশ্রয়কেন্দ্র ও দুর্যোগের সময় মানুষদের চিকিৎসা সেবায় ৮৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (২৪ মে) সকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ পূনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে সাইক্লোন শেল্টারে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় পটুয়াখালীতে ৮৬টি মেডিক্যাল টিম প্রস্তুত রয়েছে। যারা ঘূর্ণিঝড়ের সময় মাঠ পর্যায়ে মানুষকে সেবা দেবে। পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মাসুদ রানা জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ইয়াসে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি সোমবার সকাল ৬টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ৬০৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।