
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরের পল্লবীর উত্তর কালশীর বুড়িরটেক ও আশপাশের বাউনিয়া মৌজা এলাকায় আবাসন প্রকল্পে দখলদারি বজায় রাখতে সাবেক সংসদ সদস্য (এমপি) ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ কয়েকটি পক্ষ নিয়মিত সুমন বেপারীকে টাকা দিত। সাবেক ছাত্রলীগ নেতা সুমন এলাকায় ত্রাস করতে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও গড়ে তোলেন। মোস্তফা কামাল নামে এক ব্যক্তির পক্ষ নিয়ে আউয়ালের প্রকল্পের বিপক্ষে দাঁড়ালেই তাঁর টার্গেটে পড়েন সাহিনুদ্দিন। সুমনকে দিয়ে তাঁর ওপর দুই দফা হামলা চালানো হয়। এক পর্যায়ে আউয়ালের সঙ্গে সমঝোতা করলেও প্রতিপক্ষের বিরুদ্ধে কাজ করেননি সাহিনুদ্দিন। উল্টো সুমনের কাজে বাধা তৈরি করেন তিনি। এ অবস্থায় আউয়ালের নির্দেশে নিজের পথের কাঁটা সরাতে সাহিনুদ্দিনকে সরিয়ে দেন সুমন।
পল্লবীর ১২ নম্বর ডি ব্লকে ৩১ নম্বর রোডে ঈদের দাওয়াত খাওয়ার কথা বলে ডেকে নেওয়ার পর তিনি কয়েকজনকে দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার দায়িত্ব দেন। গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এমনই তথ্য দিয়েছেন সাহিনুদ্দিন খুনের অন্যতম আসামি সুমন। গতকাল সোমবার তিনি ঢাকা মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চাঞ্চল্যকর এই খুনের মামলায় গ্রেপ্তার ১০ জনের মধ্যে তিনজন আদালতে জবানবন্দি দিয়েছেন। সাবেক এমপি আউয়ালসহ ছয়জন এখনো ডিবির রিমান্ডে রয়েছেন।