
নিউজ ডেস্কঃ আরেক দফা ছুটি বাড়িয়ে আগামী ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বুধবার (২৬ মে) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনের শুরুতে শিক্ষামন্ত্রী ১২ আগামী জুন পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বৃদ্ধির ঘোষণা দেন। সংবাদ সম্মেলনের শেষ দিকে শিক্ষামন্ত্রী বলেন, টিভিতে দেখছি ১২ জুন পর্যন্ত ছুটি বাড়লো। আবারও বলছি ১৩ জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেবার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়েরটা সিদ্ধান্ত নেবে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে খুব শিগগিরই আলোচনা করে তাদের সমস্যাগুলো সমাধান করে কত দ্রুত খুলে দিতে পারি, আমরা সেই চেষ্টা করব। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, আমরা স্কুলগুলো খোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। পঞ্চম শ্রেণিগুলো সপ্তাহে ছয়দিন এবং বাকিগুলো একদিন করে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমরাও (প্রাথমিক) ১৩ জুন থেকে স্কুলগুলো খোলার চেষ্টা করব।