
নিউজ ডেস্কঃ রাজধানীতে প্রথমবারের মতো এলএসডি ড্রাগ জব্দ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। বুধবার (২৬ মে) রাজধানীতে অভিযান চালিয়ে এই ড্রাগ জব্দ করে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের একটি টিম। বুধবার দিনগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক বলেন, জব্দ করা এলএসডি ড্রাগ অসাধুরা মাদক হিসেবে ব্যবহার করে আসছিল। এই নতুন মাদক (ড্রাগ) মজুদ বা ব্যবহারের দায়ে গোয়েন্দা পুলিশ (ডিবি) আসামি আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিংয়ে জানানো হবে। জানা গেছে, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি)। এই ড্রাগটি অ্যাসিড প্রকৃতির এক ধরনের সাইকেডেলিক ওষুধ। মানুষের মনস্তাত্ত্বিক প্রভাবের বিষয়ে এটি কাজ করে।এটি সেবন বা ব্যবহারে অবাস্তব চিত্রসমূহ বাস্তব মনে হয়। তবে এটি প্রধানত প্রমোদমূলক ওষধ হিসেবে এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এলএসডি ড্রাগ সাধারণত জিভের নিচে রাখা হয়। এটি ইনজেকশানের সাহায্যে শরীরে নেওয়া যায়।