
নিউজ ডেস্কঃ ছাগল মালিককে ২ হাজার টাকা জরিমানা করার সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর আজ বৃহস্পতিবার বিকেলে সেই ছাগল অবশেষে মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। জরিমানার টাকা সরকারি কোষাগারে ইউএনও তার পকেট থেকে দিয়েছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন নিশ্চিত করেছেন। মোবাইলে তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান, স্থানীয় প্রেস ক্লাব সভাপতি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই নারীকে ছাগল ফেরত দেওয়া হয়েছে। জরিমানা টাকা আমি দিয়েছি। তাকে সংশোধনের জন্য জরিমনা করেছিলাম; শাস্তি দেওয়ার জন্য নয়।
তিনি আরো বলেন, মোবাইল কোর্টের টার্গেট অন্য কিছু ছিল না। জাস্ট সংশোধনের জন্য তাকে ছাগল ফেরত দেওয়া হয়েছে। আর ছাগল বিক্রির অভিযোগ ভিত্তিহীন। আর জরিমানা করার পর ছাগল আমার এখানে নিরাপত্তার জন্যই জিম্মায় রাখা হয়েছিল একজনের কাছে; যাতে ছাগলের কোনো ক্ষতি না হয়। ওই নারী জরিমানার টাকা ফেরত দিতে পারেনি বলে দেননি। ফেরত পাওয়া ওই ছাগল মালিক সাহারা বেগম বলেন, ১০ দিন যাবৎ আমার ছাগল তাদের কাছে থাকায় খুব অসুস্থ হয়ে গেছে। এভাবে একটি পশুকে আটকে রাখা ঠিক না। ছাগল এর আগে বাগানের ফুল খায়নি বলেও দাবি করেন তিনি।