
নিউজ ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষিত হালদা নদীতে মা মাছ ডিম ছেড়েছে। গতকাল বুধবার (২৭ মে) দিবাগত রাত ১টার দিকে এ নদীর কার্পজাতীয় রুই, মৃগেল, কালিবাইশ ও কাতলা মা মাছ পূর্ণাঙ্গরূপে ডিম ছাড়ে। এর আগে ২৬ মে দুপুর ১২টার দিকে ও ২৫ মে দিবাগত রাত ১২টার দিকে দুই দফা নমুনা ডিম দেয়ার পর বুধবার দিবাগত রাত ১টার দিকে জোয়ার শেষে ভাটার সময় মা মাছেরা ডিম ছাড়তে থাকে। এতে নদীতে অপেক্ষমান প্রায় ৭-৮শ জন ডিম সংগ্রহকারী সাড়ে ৩’শর বেশি নৗকা নিয়ে নদী থেকে মা মাছের ডিম আহরণ করেন। তবে ডিম পেয়েও মৎস্যজীবীদের মুখে হাসি ফোটেনি। হালদা বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের তুলনায় এবার ডিম পাওয়ার পরিমাণ অনেক কম। এ কারণে মৎস্যজীবীদের বেশিরভাগই পর্যাপ্ত ডিম পাননি। এতে তারা হতাশ হয়েছেন।
ডিম সংগ্রহকারী ও রাউজান উপজেলা, হাটহাজারী উপজেলার মৎস্য দপ্তরের কর্মকর্তাদের কাছে জানা যায়, বুধবার রাত ১টার দিকে ডিম ছাড়ার পর সকাল ৫-৬টা পর্যন্ত ডিম সংগ্রহ করেন নদীর দুই পাড়ের উপজেলা রাউজান ও হাটহাজারী উপজেলার ডিম সংগ্রহকারীরা। জানা গেছে, নদীর রামদাইশ্যা হাট, আমতুয়া, নাপিতের ঘোনা, আজিমের ঘাট, সিপাহীর ঘাট, গড়দুয়ারা, অংকুরীঘোনা, মাছুয়া ঘোনা, সত্তার ঘাট, কাগতিয়া, পশ্চিম গুজরাসহ বিভিন্ন পয়েন্টে ডিম পাওয়া যায়।