
নিউজ ডেস্কঃ দেশের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠী ও ব্যবসায়ীসহ সবার স্বার্থ বিবেচনায় নিয়েই ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি। আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে সঙ্গে রেখেই আমরা এগিয়ে যেতে চাই। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
বাজেটে ব্যবসায়ীদের জন্য কোনো সুখবর থাকবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ের জন্য বাজেট ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেসব তথ্য উপস্থাপিত হবে সেগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এখনই কোনো তথ্য ডিসক্লোজ করতে পারব না। সাধারণত আমরা বলতে পারি আমাদের লক্ষ্যই থাকবে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সুতরাং সবার স্বার্থ দেখেই আমরা বাজেট করছি।