
নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে লাইসার্জিক এসিড ডাই-ইথাইলামাইড বা এলএসডি নামের নতুন ধরনের মাদক জব্দ করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গত বুধবার রাতে রাজধানীর ধানমণ্ডি ও লালমাটিয়া এলাকা থেকে হাফিজের বন্ধুসহ বিশ্ববিদ্যালয়পড়ুয়া তিন তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে এলএসডির ২০০টি ব্লট (মেশানো কাগজ) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত তিন তরুণ হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র সাদমান সাকিব ওরফে রুপল ও আসহাব ওয়াদুদ ওরফে তুর্য এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ছাত্র আদিব আশরাফ। ডিবি জানিয়েছে, চক্রটি ফেসবুকে ‘বেটার ব্রাওরি অ্যান্ড বেয়ন্ড’ ও ‘আপনার আব্বা’ নামে গ্রুপ তৈরি করে গাঁজা পাতার নির্যাস মেশানো কেক এবং এলএসডি বিক্রি করছিল। এই গ্রুপে এক হাজারের বেশি সদস্য আছে। টেলিগ্রাম অ্যাপে গোপন যোগাযোগ করে পার্সেলে নেদারল্যান্ডস থেকে এলএসডি সংগ্রহ করে চক্রটি। ডিবির ভাষ্য মতে, ভয়ংকর মাদক এলএসডি সেবনে বিভ্রম (হ্যালুসিনেশন) হয়। প্রচণ্ড উত্তেজনার সঙ্গে এই মাদক চিন্তা, অনুভূতি ও পারিপার্শ্বিক চেতনাকে পরিবর্তন করে দেয়। এই মাদক সেবন করেই শিক্ষার্থী হাফিজুর আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ তদন্তকারীদের।