
নিউজ ডেস্কঃ মানসম্মত ওষুধ উৎপাদন ও বিপণনের প্রত্যয় নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বাংলাদেশ মেশিন ট্যুলস ফ্যাক্টরী লিমিটেড (বিএমটিএফ) এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আর্মি ফার্মা লিমিটেড আনুষ্ঠানিক যাত্রা শুরু করল। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বৃহস্পতিবার গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে আর্মি ফার্মা লিমিটেড এর শুভ উদ্বোধন করেন।
অন্যতম খ্যাতিসম্পন্ন ইউরোপিয়ান পরামর্শক প্রতিষ্ঠান এলোমেটিক কনসাল্টিং এন্ড ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লি: এর তত্ত্বাবধানে আর্মি ফার্মা লিমিটেড এর ফ্যাক্টরি নির্মাণের কাজ গাজীপুর জেলার জয়দেবপুরের শিমুলতলীতে সম্পাদিত হচ্ছে। এছাড়া মেডিকেল ডিভাইস উৎপাদন সুবিধাও এ প্রকল্পে সন্নিবেশিত করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ পেশাদার জনবল এর মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ও মানসম্পন্ন কাঁচামাল ব্যবহার করে প্রডাক্ট ডেভলপমেন্টের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।
সেনাপ্রধান আর্মি ফার্মা'কে তার স্বপ্নের প্রকল্প হিসেবে উল্লেখ করেন। প্রকল্প উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ব্লাড প্রেসার, ডায়াবেটিস, এ্যাজমা, পেপটিক আলসার এর মত অসুখে সর্বসাধারণ ভুগে থাকেন। আর্মি ফার্মা লিমিটেড থেকে উৎপাদিত উক্ত রোগসমূহের ঔষধ যাতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ নিম্নআয়ের প্রান্তিক জনসাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ও সকলের জন্য সহজপ্রাপ্য হয়, সেজন্য তিনি আর্মি ফার্মার প্রতি উদাত্ত আহ্বান জানান।