
নিউজ ডেস্কঃ আজ শুক্রবার (২৮ মে) এক বিবৃতিতে সয়াবিন তেলের মূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাম জোটের নেতৃবৃন্দ। তাঁরা বলেন, এমনিতেই দেড় বছর ধরে করোনা মহামারিতে মানুষ কর্মহীন হয়েছে, মানুষের আয় কমেছে, তার ওপর তেল, চাল, ডাল, পিয়াজসহ দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধি জনজীবনকে দুর্বিসহ করে তুলেছে।
বিবৃতিতে বলা হয়, রোজার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই ব্যবসায়ীরা একবার সয়াবিন তেলের দাম ৫ টাকা বৃদ্ধি করে পরে ৩ টাকা কমিয়েছিল। এখন আবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির কথা বলে পুনরায় ব্যবসায়ীরা লিটার প্রতি ১৩ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করলে সরকার ৯ টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। ফলে এখন এক লিটার বোতলজাত তেল ১৫৩ টাকায় কিনতে হবে। এবার নিয়ে গত অক্টোবর থেকে এ পর্যন্ত সয়াবিন তেলের লিটার প্রতি ৪৫ টাকা দাম বাড়ানো হলো। নতুন করে তেলের দাম বৃদ্ধি কর্মহীন-আয়হীন শ্রমজীবী দরিদ্র জনগণকে সীমাহীন দুর্ভোগে ফেলে দেবে। নেতৃবৃন্দ আরো বলেন, এক লিটার তেলে ২০ টাকার ওপর ভ্যাট নেয় সরকার। তাঁরা সয়াবিন তেলের দাম না বাড়িয়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।