
নিউজ ডেস্কঃ ঢাকার কদমতলী থানার শনিআখড়া এলাকায় বর্ণমালা স্কুলের গলিতে পূর্ব শত্রুতার জের ধরে খুন হয় ইয়াসিন আরাফাত সায়েম নামে (১৮) এক কিশোর। সায়েমকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে আটককৃত দের কদমতলী থানায় হস্তান্তর করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় কারাগারের সামনে থানা পুলিশের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ৬ কিশোর ঘোরাফেরা করছিল। তাদের শরীর রক্তমাখা ছিল। এতে পুলিশের সন্দেহ হলে ৬ কিশোরকে আটক করে তারা।
প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা পুলিশের কাছে জানায়, ইয়াসিন আরাফাত সায়েম নামে এক কিশোরের সাথে তাদের মারামারি হয়। পরে সায়েম মারা যায় শুনে কিশোররা মাওয়া হয়ে শরিয়তপুরের দিকে পালিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে কদমতলী থানায় খবর নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলো তানজিল শেখ, মো. শাহরিয়ার ইসলাম শুভ, মো. শাহরিয়ার নাফিজ জয়, মো. হাবিবুর রহমান, মো. বাবুল হোসেন টুটুল ও মো. মাহমুদ।