
নিউজ ডেস্কঃ খুলনা বেতারের জনপ্রিয় রম্য নাটিকা ‘আয়না’র রচয়িতা অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক (৭৮) আর নেই। শুক্রবার (২৮ মে) রাত সাড়ে ১১টার দিকে তিনি খুলনা মহানগরীর গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। অচিন্ত্য কুমার ভৌমিক নিঃসন্তান ছিলেন।
অধ্যাপক অচিন্ত্য কুমার ভৌমিক কলেজে অধ্যাপনার পাশাপশি ছিলেন খ্যাতিমান গীতিকার, নাট্যকার, কথাসাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। খুলনার এ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ছোট ভাই অপূর্ব কুমার ভৌমিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তিন বছর ধরে অসুস্থ ছিলেন তিনি। ফুসফুসে পানি জমে গিয়েছিল। আমাদের পৈত্রিক বাড়ি গোপালগঞ্জের ভাটিয়াপাড়া। দেশ স্বাধীনের আগ থেকে ফুলতলার দামুদারে থাকতেন বড় ভাই অচিন্ত্য কুমার। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে ভর্তি করার পর অবস্থা খারাপ হলে রাত ৮টায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতেই মারা যান। মরদেহ শনিবার দুপুর ১২টায় ফুলতলার দামুদার শ্মশান ঘাটে দাহ করা হবে।