
নিউজ ডেস্কঃ পরপর তিন দফায় ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্পে প্রবল ঝাঁকুনির ফলে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। শনিবার (২৯ মে) সকাল ১০টা ৩৭ মিনিটে প্রথম এবং ১০টা ৫১ মিনিটে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয় এবং বেলা সাড়ে ১১টার সময় তৃতীয় দফা এ ভূমিকম্প অনুভূত হয়।
ভুমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, 'সিলেটে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে। তবে কত মাত্রার তা জানার চেষ্টা চলছে। কেননা ভুমিকম্পের বিষয়টি স্টেশনে রিসিভ হয়নি। অন্তত ৩টি স্টেশনে রিসিভ হলে বলা যেত কত মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল কোথায়।' ঢাকা আবহাওয়া ও ভূমিকম্প অফিসের প্রধান আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, শুধুমাত্র সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ও রিখটার স্কেলের মাত্রা কত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।