
নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণের গতি-প্রকৃতি এখনো দুর্বোধ্য। এ অবস্থায় চলমান সীমিত পর্যায়ের ‘লকডাউনের’ সময়সীমা আরো বাড়ানো হবে কি না তা নিয়ে দ্বিধায় সরকার। প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখনই সব বিধি-নিষেধ তুলে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও আরো অন্তত দুই সপ্তাহ চলমান বিধি-নিষেধ বহাল রাখার পক্ষে।
সীমান্ত জেলাগুলোতে করোনা সংক্রমণের হার বেড়ে চলেছে। গত শুক্রবার রাজশাহীতে নমুনা পরীক্ষায় অর্ধেকেরও বেশি পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার অস্বাভাবিক বৃদ্ধির কারণে গত ২৫ মে থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাত দিনের বিশেষ লকডাউন চলছে। এ অবস্থায় সীমিত আকারে চলমান লকডাউন আরো বাড়ানোর বিষয়টিই গুরুত্ব দিয়ে ভাবছে সরকার।