
নিউজ ডেস্কঃ রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের দগ্ধ তিনজনের মধ্যে দুই বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দিনগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই শিশুর মৃত্যু হয়।
শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করে প্রতিবেশী কবির হোসেন জানান, শিশুটি হাসপাতালের ৭ তলায় ভর্তি ছিল। তার মা লাবনি আক্তার (২৫) সেখানেই ভর্তি আছেন। আর শিশুটির বাবা সোহেল (৩৫) আইসিইউতে আছেন। তাদের অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি আরও জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাদের রুমের ভেতরে চিৎকার শুনতে পাই। পরে আমরা ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি রুমের ভিতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনি রুমের বাইরে, তাদের শরীরেও আগুন জ্বলছিল। আর বাচ্চাটি রুমের ভিতরেই ছিল। তখন আমরা বাচ্চাটিকে রুমের ভিতর থেকে বাইরে বের করি। এরপর তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।