
নিউজ ডেস্কঃ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। তাই নদীবন্দরে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, বিকেল থেকে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত বেড়েছে। ঢাকাসহ ময়মনসিংহ, ফরিদপুর, টাঙ্গাইল, সিলেট, রাজশাহী বিভিন্ন এলাকায় কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। এই প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
এক পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ অবস্থায় সোমবার (৩১ মে) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।