
নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলাসহ পাঁচটি রোহিঙ্গা শিবিরে আগামী ৬ জুন পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। এর আগে গত ২০ থেকে ৩১ মে পর্যন্ত ১২ দিন কঠোর ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২০ থেকে ৩১ মে পর্যন্ত ‘লকডাউন’ দেওয়া হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়া ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ দুই উপজেলায় কঠোরভাবে ‘লকডাউন’ বাস্তবায়ন করা হবে।