
নিউজ ডেস্কঃ মারণঘাতি করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস করার প্রয়োজনে অভিভাবকরা সন্তানদের উজ্জ্বল ভবিষৎতের কথা চিন্তা করে তাদের এন্ড্রোয়েট মোবাইল ফোন কিনে দিচ্ছেন। কিন্তু বরগুনার আমতলী উপজেলার অধিকাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসের চেয়ে বেশি সময় দিচ্ছেন অনলাইন ভিডিও গেমসে। ফলে বেশির ভাগ সময় তারা ওই গেমস খেলে সময় কাটাচ্ছে। এতে দিন দিন অধিকাংশ শিক্ষার্থী অনলাইন ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ছে। দেশের বিভিন্ন উপজেলায় শিক্ষার্থীদের মাঝে এমন আসক্তি দেখা গেছে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের অনলাইনে ক্লাস করার কথা বলে সকালে বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে দল বেঁধে, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের হাট-বাজারে বসে অনলাইন ভিডিও গেমস খেলে সময় কাটাচ্ছে। প্রতিদিন এমন দৃশ্য চোখে পড়ছে। বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনে ফ্রি-ফায়ার ও পাপজি গেমস খেলতে খেলতে তার অনুরাগী হয়ে গেছে। অনেক শিক্ষার্থী আবার তাদের বন্ধুদের সঙ্গে ওই গেমস খেলা দেখাদেখি করতে গিয়ে তারাও আসক্ত হয়ে পড়ছে। বাসায় পড়াশোনার তেমন চাপ নেই। নেই পাঠ্যবইয়ের সঙ্গে কোনো সম্পর্ক। মোবাইল নিয়ে বিভিন্ন স্থানে ৫/৭ জন একত্রিত হয়ে বসে গেমস খেলায় মেতে থাকে।