
নিউজ ডেস্কঃ ধর্মভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফী হত্যা মামলায় অভিযুক্ত ও উস্কানিদাতাদের গ্রেপ্তার ও বিচারকার্য দ্রুত শেষ করার দাবি জানিয়েছে হেফাজত ইসলামের শফিপন্থী অনুসারীরা।
বুধবার (২ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে আহমেদ শফীর অনুসারীরা। সেখানে শফীর ছোট ছেলে আনাস মাদানী এ দাবি জানান। গত বছরের ডিসেম্বরে আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে হেফাজতের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। চট্টগ্রামে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ মামলাটি করেন আল্লামা আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন।