
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ–২৬) সভাপতি ও ব্রিটিশ এমপি অলোক শর্মা। বুধবার (০২ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। ইহসানুল করিম জানান, বৈঠকে জলবায়ুর পরিবর্তন পরিস্থিতি, এর বৈশ্বিক বিরূপ প্রভাব, অভিযোজন, প্রশমন এবং জলবায়ু তহবিল এবং করোনা মহামারিসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আশা করে যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ ও অগ্রাধিকারের বিষয়গুলো আন্তর্জাতিক ফোরামগুলোতে গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।