
নিউজ ডেস্কঃ রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি বাসায় আকলিমা আক্তার (২৫) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দক্ষিণ কমলাপুরের ৬ তলার একটি বাসায় স্বামী নাজমুল হাসান ও ২ মেয়ে নিয়ে থাকতেন আকলিমা। এটি নামজুলদের নিজেদের বাড়ি। নাজমুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আর আকলিমার বাবার বাড়ি মুগদার মান্ডায়।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় জানান, খবর পেয়ে হাসপাতালে এসে আকলিমার লাশ দেখতে পাই। আমরা তার পরিবারের লোকদের সঙ্গে কথা বলছি। তাদের অভিযোগ, বাসার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। তবে এখন পর্যন্ত আকলিমার বাবার পরিবার বা অন্য কেউ কোনো অভিযোগ করেননি।