
নিউজ ডেস্কঃ ছয়দিনেও দখলমুক্ত হয়নি মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছোটলেখা চা-বাগানের বনাখলাপুঞ্জির জুম। এতে খাসিয়াদের মধ্যে বাড়ছে উদ্বেগ আর আতঙ্ক। নিজেদের জুমে কাজ ও পান তুলতে না পেরে তারা কষ্টে দিন পার করছেন। গত শুক্রবার (২৮ মে) সকালের দিকে বনাখলাপুঞ্জির কয়েকটি জুম দখলের ঘটনা ঘটে। এদিকে পরদিন শনিবার ওই বাগানের আওতাধীন আগারপুঞ্জি নামের আরেকটি পুঞ্জির খাসিয়াদের সহস্রাধিক পানগাছ কেটে ফেলে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
এসব ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন আদিবাসী নেতারা। তারা দ্রুত জুম দখলমুক্ত করে খাসিয়াদের বুঝিয়ে দেওয়া ও কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। দখল ও চা-বাগানের আওতাধীন আগারপুঞ্জিতে সহস্রাধিক পানগাছ কেটে ফেলার ঘটনায় বুধবার (২ জুন) মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট ডাড্লী ডেরিক প্রেন্টিস, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, বাসদ মৌলভীবাজার জেলা শাখা সদস্য অ্যাডভোকেট মো. আবুল হাসান বনাখলাপুঞ্জি ও আগারপুঞ্জি পরিদর্শন করেছেন।