
নিউজ ডেস্কঃ চলতি মাসেই বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে শক্তিশালী কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। কালবৈশাখী ঝড় ছাড়াও অতিভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যার সম্ভাবনা রয়েছে। আর দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মাঝারি মাত্রার তাপপ্রবাহ।
গত এক মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগামী এক মাসের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবাহওয়া অধিদপ্তরে গতকাল বুধবার (২ জুন) অনুষ্ঠিত বৈঠকে এসব তথ্য উঠে এসেছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শ ম সজিব হোসেন জানান, প্রতিমাসের শুরুতে পরিচালকের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে গতকাল অধিদপ্তরের পরিচালক সামসুদ্দিনের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এসব তথ্য উঠে আসে।
সভায় জানানো হয়, মে মাসে স্বাভাবিক অপেক্ষা ২৬ দশমিক ৬ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। এটি সারা দেশের গড় হিসাব। কিন্তু রাজশাহী ও রংপুর বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে। জুন মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতে সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।