News71.com
 Bangladesh
 03 Jun 21, 05:23 PM
 211           
 0
 03 Jun 21, 05:23 PM

৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেট আজ।।

৬ লাখ ৩ হাজার কোটি টাকার বাজেট আজ।।

 

নিউজ ডেস্কঃ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনা পরিস্থিতির মধ্যে কঠোর সতর্কতা মেনে জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন শুরু হয়েছে। গতকাল বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশন শোক প্রস্তাব গ্রহণ শেষে মুলতবি করা হয়েছে।

 

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় অধিবেশনে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট উপস্থাপন করবেন তিনি। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। আর চলতি সংশোধিত বাজেটের তুলনায় নতুন বাজেটের আকার বাড়ছে ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা শেষে আগামী ২৯ জুন অর্থ বিল ও ৩০ জুন বাজেট পাস হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। 'জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ' শিরোনামের এবারের বাজেটটি প্রস্তুত হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমান পরিস্থিতির সমন্বয় ঘটিয়ে। 

 

করোনাভাইরাসের কারণে সবচেয়ে কমসংখ্যক সংসদ সদস্যের উপস্থিতিতে দেশের ৫০তম বাজেট ঘোষণা করা হবে। যাঁরা উপস্থিত থাকবেন তাঁদের মানতে হবে স্বাস্থ্যবিধি। বিভিন্ন সূত্রে জানা গেছে, এবারের পুরো বাজেটটি এমনভাবে করা হয়েছে, যাতে জীবন ও জীবিকা দুটিকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে প্রান্তিক মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা যেমন থাকবে, তেমনি থাকছে নানা ছাড়। এসব ছাড় দেওয়া হচ্ছে বিনিয়োগ তথা কর্মসংস্থানকে চাঙ্গা করার জন্য। করোনাকালের এ বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। পাশাপাশি কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা, দেশীয় শিল্প খাত, সামাজিক নিরাপত্তা এবং কভিড-১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন