
নিউজ ডেস্কঃ ‘ঝড়তো এসেই চলেছে। কখনও বুলবুল-আইলা আসছে, কখনও আবার আম্পান-ইয়াস। আর টাকাগুলো জলে চলে যাচ্ছে। ১০-২০ বছরে ভাঙবে না এমন বাঁধ তৈরি করুন। একটা বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিন। যেখানে কংক্রিট কাজ করবে না সেখানে ম্যানগ্রোভ বাড়ান। আম্পানের পর পাঁচ লাখ ম্যানগ্রোভ লাগিয়েছিলাম। সাড়ে ৬ কোটি রুপি লেগেছে গাছ লাগাতে। এবার পাঁচ কোটি সুন্দরবনে, ৫ কোটি দক্ষিণ ২৪পরগনা এবং ৫ কোটি উত্তর ২৪পরগনায় ম্যানগ্রোভ লাগাতে হবে। বন দপ্তরকে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর প্রকল্প দেওয়া হোক।’ বুধবার (২ জুন) বিকেলে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে সেচ দপ্তর বৈঠকে এমনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াস উড়িষ্যায় আছড়ে পড়লেও, মমতার কথা মতন সবচেয়ে ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, রাজ্যে ২০ হাজার কোটি রুপির সম্পত্তি নষ্ট হয়েছে। তখনই পরিবেশ বিজ্ঞানীরা বলেছিলেন, যেভাবে বালিয়াড়ি অঞ্চল এবং সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল স্বেচ্ছাচারিতার বশে ধ্বংস করা হচ্ছে। তারই খেসরাত দিতে হয়েছে পশ্চিমবঙ্গকে। রাজ্যকে ঝড়ের হাত থেকে একমাত্র রক্ষা করতে পারে বালিয়াড়ি এবং ম্যানগ্রোভ অঞ্চল। গড়ে তুলতে হবে বনসৃজন। এরপরই মুখ্যমন্ত্রী এ দিন নির্দেশ দেন, এবার থেকে নজর দিতে বনসৃজন এবং সমুদ্র সৈকতগুলোতে।