
নিউজ ডেস্কঃ ভোলার চরফ্যাশন উপজেলায় বজ্রপাতে সাগর (১২) ও শান্ত (৮) নামে দু’টি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একটি শিশুসহ দু’জন। বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের দক্ষিণ মাদ্রাজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের কুদ্দুস মাঝির ছেলে সাগর ও একই এলাকার সাত্তারের ছেলে শান্ত। আহতরা দু’জন হলেন কৃষক ইব্রাহিম ও শিশু ইয়ামিন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে বৃস্টির মধ্যে তিনটি শিশু তাদের বাড়ির পাশে কৃষি জমির মাঠে ফুটবল খেলছিল। অন্যদিকে কৃষক একই স্থানে কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে মাঠে থাকা চার জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুইটি শিশুকে মৃত ঘোষণা করে। আর আহত দু’জন স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসাধীন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।