
নিউজ ডেস্কঃ ‘ইউটিউব, ফেসবুকে এমন অনেক ক্ষেত্রে মিথ্যাচার করা হয়, যেটা ব্যক্তির জন্য হুমকিস্বরূপ। এ জন্য সবাই যেন রেজিস্ট্রেশন করে, তেমন আলোচনা হয়েছে। যারা মিথ্যাচার করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এগুলো রেজিস্ট্রেশনের আওতায় আসুক, যাতে আমরা ধরতে পারি। বিষয়টি দেখার জন্য বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া এসবে যারা অ্যাডভার্টাইজমেন্ট দেয়, তারা কিভাবে দেয়, সেটা দেখার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। ফেসবুক ও ইউটিউবের অফিস বাংলাদেশে করার জন্য বলা হয়েছে। আমাদের দেশে এত বেশি কাস্টমার যে এখানে অফিস থাকলে সুবিধা হবে। কেউ অন্যায় করলে ধরা যাবে। আইনের অপপ্রয়োগ চাই না।’ গতকাল বুধবার আইন-শৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন কমিটির প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।