
নিউজ ডেস্কঃ উপকূলের দিকে এগিয়ে আসছে মৌসুমী বায়ু তথা বর্ষা। একইসঙ্গে রয়েছে পশ্চিমা লঘুচাপের শক্তিশালী অবস্থান। তাই শুরু হয়েছে নিয়মিত বৃষ্টিপাত। বৃহস্পতিবার (৩ জুন) দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হয়েছে। আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টিপাত। একই সঙ্গে বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমান্বয়ে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অবস্থান করছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এ অবস্থায় শুক্রবার (৪ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ঢাকায় এ সময় দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০-১৫ কিমি। শনিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। বর্ধিত পাঁচদিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।