
নিউজ ডেস্কঃ সিআইডির উপপরিদর্শক (এসআই) মো. মামুন ইমরান খানকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার প্রকৃত আসামির পরিবর্তে ভাড়াটে হিসেবে সাত মাস ধরে জেল খাটা ইউসুফকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। ইউসুফের মুক্তির জন্য করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ইউসুফের আইনজীবী অ্যাডভোকেট শামীম সরদার এই তথ্য নিশ্চিত করেছেন। তবে ইউসুফের বিরুদ্ধে আরেকটি মামলা থাকায় এখনই মুক্তি মিলছে না তাঁর।
জানা যায়, ইউসুফ রাজধানী মিরপুর ২ নম্বর সেকশনে এক মেসে ভাড়া থাকতেন। সিটি ক্লাবে ক্রিকেট খেলা শিখতেন। সেখান থেকে প্রকৃত আসামি রবিউলের সঙ্গে পরিচয় ইউসুফের। রবিউলের প্রলোভনে পড়ে আদালতে ভাড়াটে হিসেবে আত্মসমর্পণ করেন ইউসুফ। দীর্ঘদিন ছেলের খোঁজখবর না পেয়ে আবু ইউসুফের বাবা গত ১৪ জানুয়ারি কচুয়া থানায় সাধারণ ডায়েরি করেন। এর কিছুদিন পর তিনি জানতে পারেন তাঁর ছেলে কাশিমপুর কারাগারে বন্দি।