News71.com
 Bangladesh
 04 Jun 21, 09:00 PM
 202           
 0
 04 Jun 21, 09:00 PM

প্রস্তাবিত বাজেটে ১০ মেগাপ্রকল্প পাচ্ছে ৫১ হাজার কোটি টাকা।।

প্রস্তাবিত বাজেটে ১০ মেগাপ্রকল্প পাচ্ছে ৫১ হাজার কোটি টাকা।।

 

নিউজ ডেস্কঃ প্রস্তাবিত বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে সরকারের উন্নয়নমূলক মেগাপ্রকল্পগুলোকে। এ ক্ষেত্রে বড় ১০ প্রকল্পকে বরাদ্দ দেওয়া হচ্ছে ৫১ হাজার ১৪৮ কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র নির্মাণ প্রকল্প। এই প্রকল্পে ১৮ হাজার ৪২৬ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশের সময় বলেন, ‘মেগাপ্রকল্পগুলো দৃশ্যমান করতে বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ রাখা হয়েছে। বর্তমান পরিস্থিতি বেশি দিন থাকবে না। দেশ স্বাভাবিক হলে আবারও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে।’

 

তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে সাড়ে তিন হাজার কোটি টাকা বরাদ্দ থাকছে বাজেটে। ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টে (মেট্রো রেল) চার হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মাতারবাড়ী এক হাজার ২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্লান্ট প্রকল্পে ছয় হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচিতে পাঁচ হাজার ৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে তিন হাজার ৮২৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এক্সপানশন অ্যান্ড স্ট্রেনদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে তিন হাজার ৫১ কোটি টাকা বরাদ্দ থাকছে।

 

অর্থমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে বরাদ্দ থাকছে দুই হাজার ৮২৭ কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে তিন হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে তিন হাজার ২২৭ কোটি টাকা বরাদ্দ থাকছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন