
নিউজ ডেস্কঃ পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের স্বার্থে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কর্পোরেট করের হার আরও কমিয়ে তালিকাভুক্ত কোম্পানির জন্য ২২ দশমিক ৫০ শতাংশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার (৩ জুন) রাতে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় ডিএসই এই অভিনন্দন জানায়। প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব ও বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নমুখী বাজেট উল্লেখ করে ডিএসই বলেছে, কর কমানোয় স্বনামধন্য কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। সরকার পুঁজিবাজারকে আন্তর্জাতিককরণের লক্ষ্যে নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে।