
নিউজ ডেস্কঃ প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা আগের মতোই থাকছে। অর্থাৎ বার্ষিক আয় যাদের তিন লাখ টাকার কম, তাদের কোনো কর দিতে হবে না। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব করেন। ২০২০-২১ অর্থবছরে করমুক্ত আয়সীমা দুই লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করেছিলেন অর্থমন্ত্রী। এবারের বাজেটেও করমুক্ত আয়সীমা তিন লাখ টাকাই রাখা হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ‘২০২০-২১ অর্থবছরে ব্যক্তিশ্রেণির করদাতাদের করহার উল্লেখযোগ্যভাবে কমানোর কারণে ২০২১-২২ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতার জন্য বিদ্যমান করহার অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।’ তিনি বলেন, ‘ব্যক্তিশ্রেণির করদাতার জন্য বিদ্যমান এই করহার তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্যও প্রযোজ্য ছিল। তৃতীয় লিঙ্গের করদাতাদের সামাজিক আত্তীকরণের লক্ষ্যে বিশেষ বিধান চালুর পাশাপাশি তাদের করমুক্ত আয়ের সীমা তিন লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি।’ বাজেটে প্রতিবন্ধী করদাতার করমুক্ত আয়ের সীমা চার লাখ ৫০ হাজার টাকা। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার করমুক্ত আয়ের সীমা চার লাখ ৭৫ হাজার টাকা।